![]()
গোপালগঞ্জ প্রতিনিধিঃ শেখ মো. আরমান
গোপালগঞ্জ সদর উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনার জেরে শুরু হওয়া এই সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজড়া উত্তরপাড়া গ্রামের ওবায়দুর উকিলের গাছ থেকে আম পাড়েন প্রতিবেশী শাহিন খাঁ’র ছেলে। বিষয়টি নিয়ে ওবায়দুর উকিল শাহিন খাঁ’র বাড়িতে নালিশ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে একই বংশের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতরা হলেন— ইউপি সদস্য মেহেদী খাঁ (৩৫), সোহাগ খাঁ (৩০), হাসিনা বেগম (৫৫), খলিল খাঁ (৩৩), সজিব খাঁ (৩০), ইছা খাঁ (২৫), ইব্রাহিম খাঁ (২৮), শাহিন খাঁ (৩২), ইকলাছ খাঁ (৬০), ইকবাল খাঁ (৪০), ইসমাইল খাঁ (২৪) ও পনিজ বেগম (৪০)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইউপি সদস্য মেহেদী খাঁ গণমাধ্যমকে বলেন, “শিশুদের আম পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি মীমাংসা করতে এবং সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলাম। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।”
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আম পাড়াকে কেন্দ্র করে মারামারির খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। তিনি আরও বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”



মন্তব্য