![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল পেতে মাছ ধরার অভিযোগে এক জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১১ মে ) দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অধিক্ষেত্রে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এ সময় এসআই অলক মজুমদার, এএসআই মোঃ জামাল উদ্দিন ভূইয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি রোধ এবং অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে নদীর বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এ ছাড়া দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে কারেন্ট জাল পেতে মাছ ধরার সময় মোঃ মাসুদ প্রামানিক (২০) নামে এক জেলেকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিদ্দিক কাজীর পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ শহীদ প্রামাণিক।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার ও নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য