![]()
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ১১/০৫/২০২৬ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলার কুখ্যাত আসামিসহ বিভিন্ন মামলার মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি মামলা, অন্যান্য ধারার মামলা এবং জিআর পরোয়ানা থাকায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে বাসন থানা পুলিশের একাধিক টিম দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে চুরি মামলার এজাহারভুক্ত দুই কুখ্যাত চোর হলো— আশরাফুল (২৭) ও আব্দুল খালেক (৫০)। আশরাফুলের বাড়ি বাসন থানাধীন চান্দনা এলাকার বরকত স্মরণী শাহ আলম মোড় এলাকায়। তার পিতা মৃত জয়নাল ও মাতা আছিয়া বেগম। অপরদিকে আব্দুল খালেকের বাড়ি বারবৈকা পালেরপাড়া এলাকায়। তার পিতা মৃত জামাল উদ্দিন এবং মাতা মৃত হালিমুন নেছা।
এছাড়াও অন্যান্য ধারার মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ আমিনুল ওরফে আমিরুল ইসলাম (২৬) এবং মোঃ নাঈম ইসলাম ওরফে বাদশা (২৬) নামের দুইজনকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে আরও গ্রেফতার করা হয় জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলাউদ্দিন (২৮) ও মোঃ রিপন (৪৫) কে। আলাউদ্দিনের বিরুদ্ধে পাঁচটি জিআর পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও পলাতক আসামীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য