![]()
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে দস্যুতা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (৮ মে) রাতে সদর উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মাহতাব উদ্দিন জুগলুল (৪৩) সদর উপজেলার নিজগাঁও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত ৭ মে দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে রিকশাযোগে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় দক্ষিণ আরফিন নগরের বাসিন্দা শোয়েব চৌধুরীর পথরোধ করে ৩-৪ জন দুর্বৃত্ত। এসময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মাহতাব উদ্দিন জুগলুলকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



মন্তব্য