![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো রাজবাড়ীর গোয়ালন্দেও বইছে ফুটবল উন্মাদনা। সেই আমেজ ছড়িয়ে দিতে গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল সমর্থক দল।
শুক্রবার (৮ মে) ভোর ৬টায় আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে এবং গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনায় ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
“সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এবং “একটি ফুটবল, একটি পৃথিবী” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
খেলায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি তাহাজ্জুদ হোসেন তাহা, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, সদস্য ডাঃ আব্দুল মাজেদসহ একাডেমীর অন্যান্য কর্মকর্তারা।
নির্ধারিত সময়ের খেলায় ব্রাজিল সমর্থক দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনা সমর্থক দলকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি গোল করে এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা নির্বাচিত হন দলের অধিনায়ক তৌফিক এলাহী। অপর গোলটি করেন রাশেদ আফ্রিদি।
খেলা শেষে আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী, তরুণ কৃষি উদ্যোক্তা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ বলেন, “বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পড়ালেখা ও কর্মব্যস্ততার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আগ্রহী করতেই এই আয়োজন করা হয়েছে। জয়-পরাজয় বড় বিষয় নয়, অংশগ্রহণ ও সৌহার্দ্যই মূল উদ্দেশ্য।”
তিনি আরও জানান, আদদ্বীন কৃষি ভান্ডারের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত থাকবে।



মন্তব্য