রবিবার, ৩ মে ২০২৬
 

দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর মৃত্যু, স্ত্রী-শ্বাশুরি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মে ২০২৬

---

 

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বে বাতির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী রুমানা আক্তার (২৫) ও নিহতের শ্বাশুরি খাইরুন নেছা (৫৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিহত বাতির মিয়া একই ইউনিয়নের গুজাউরা গ্রামের ফুরমত আলীর ছেলে। তার স্ত্রী রুমানা আক্তার একই ইউনিয়নের মামনপুর গ্রামের আনফর আলীর মেয়ে। বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে তারা কনের (রুমানার) পিত্রালয়েই বসবাস করছিল। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ক’দিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার মোবাইল ফোনে এমবি রিচার্জ (ফ্লেক্সিলোড) করাকে কেন্দ্র করে আবারও বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রোববার সকালেও কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে তাদের মধ্যে।

 

এক পর্যায়ে নিজের গলায় উড়না পেঁচিয়ে বাতির মিয়া শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ তুলেন তার স্ত্রী রুমানা আক্তার।

 

ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও তিনি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon