![]()
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি চোলাই মদসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২ ও ৩ মে ২০২৬ তারিখে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের তত্ত্বাবধানে একাধিক টিম গঠন করে সাভার থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত সক্রিয় সদস্যদের টার্গেট করে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযান:
২ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ কোরান আলী (৪৫), মোঃ সজিব (২৩) ও মোঃ ইমান আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযান:
৩ মে ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে সামাইর এলাকায় অভিযান চালিয়ে ইউনুস (৩৫) ও মাইদুল (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
তৃতীয় অভিযান:
এর আগে, ২ মে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল লুইচ রোজারিয়া (৫০) ও মোঃ শান্ত ইসলাম (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ কোরান আলী ও চঞ্চল লুইচ রোজারিয়ার বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে, যা তাদের পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ বহন করে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



মন্তব্য