![]()
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষিজমিতে অবৈধ ড্রেজার পরিচালনার অভিযোগ উঠেছে। উপজেলার ২নং শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা গ্রামের (৪নং ওয়ার্ড) বাগান মিয়ার বাড়ির পূর্ব-দক্ষিণ কোণে দীর্ঘদিন ধরে কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে মাটি কাটার কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত ড্রেজার পরিচালনার সঙ্গে মো. মামুন ও শাহীন নামের দুই ব্যক্তি জড়িত রয়েছেন। তাদের মধ্যে শাহীন বর্তমানে “একটি বাড়ি একটি খামার” প্রকল্পে ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি চাকরির প্রভাব খাটিয়ে তারা দীর্ঘদিন ধরে কৃষিজমি কেটে মাটি বিক্রির কাজ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, ড্রেজারের মাধ্যমে মাটি কাটার ফলে এলাকার উর্বর ফসলি জমি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জমি নিচু হয়ে যাওয়ায় সেখানে আর স্বাভাবিকভাবে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এতে কৃষকদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, “আমরা গরিব মানুষ। জমিই আমাদের একমাত্র সম্বল। কিন্তু প্রভাবশালী মহল ভয়ভীতি দেখিয়ে আমাদের জমির পাশ থেকে মাটি কেটে নিচ্ছে। প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি দেওয়া হয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা পথে বসে যাব।”আরেক ভুক্তভোগী বলেন, “ড্রেজারের কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, চারপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টি হলে জমিতে পানি জমে থাকে, চাষ করা যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।”স্থানীয় সচেতন মহল বলছেন, কৃষিজমি রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফসলি জমিতে এ ধরনের অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করা জরুরি। তারা দ্রুত অভিযান চালিয়ে ড্রেজার জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে অবৈধ ড্রেজার বন্ধ, কৃষিজমি রক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে কৃষিজমি রক্ষা পাবে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।



মন্তব্য