![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সমাজসংস্কারক ও জনগণের স্বাস্থ্য অধিকার আন্দোলনের অগ্রপথিক বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন দৌলতদিয়া রেলওয়ে জামে মসজিদের ইমাম ক্বারী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, দৌলতদিয়া কেকেএস সেফ হোমের প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান জুয়েল, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক লাল্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের এইচআইভি প্রজেক্টের সুপারভাইজার মোঃ সাজ্জাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। এসময় মোঃ জুলফিকার আলী বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান বলে শেষ করা যাবে না। তিনি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন। স্বাস্থ্যসেবায় তার প্রণীত ওষুধ নীতিমালা দেশের জন্য অত্যন্ত কল্যাণকর ভূমিকা রেখেছে।”
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



মন্তব্য