![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। রহস্যজনক এ ঘটনায় কোনো কিছু খোয়া গেছে কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন উজানচর ভূমি অফিসে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে রবিবার সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অফিসের পেছনের জানালার লোহার গ্রিল ভাঙা, একাধিক তালা ক্ষতিগ্রস্ত, আলমারি ও ফাইল কেবিনেট খোলা এবং নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
উজানচর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আনছার আলী জানান, বৃহস্পতিবার বিকেলে অফিস বন্ধ করে সবাই চলে যান। রবিবার সকালে এসে অফিসের ভেতরের দরজার তালা খুলতে গিয়ে জটিলতা দেখা দেয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, জানালার গ্রিল ভেঙে দুর্বৃত্তরা রেকর্ডরুমে ঢুকে দুইটি আলমারির চারটি ড্রয়ার ও একটি ফাইল কেবিনেটের আটটি ড্রয়ার ভেঙে তছনছ করেছে।
তিনি বলেন, “অফিসে কোনো নগদ টাকা ছিল না। তবে ল্যাপটপ, কম্পিউটার ও প্রিন্টার অক্ষত রয়েছে। রেকর্ডপত্রের কোনো অংশ খোয়া গেছে কিনা তা যাচাই করা হচ্ছে।”
ঘটনাটিকে সন্দেহজনক উল্লেখ করে তিনি আরও বলেন, “দুর্বৃত্তরা মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী না নিয়ে শুধুমাত্র নথিপত্র তছনছ করেছে। ধারণা করা হচ্ছে, কোনো গুরুত্বপূর্ণ রেকর্ড গায়েব করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হতে পারে।”
গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ নথি বা অন্য কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই এটিকে পরিকল্পিত নাশকতা কিনা তা গুরুত্বসহকারে তদন্তের দাবি জানিয়েছেন। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন এলাকাবাসী।



মন্তব্য