রবিবার, ১২ এপ্রিল ২০২৬
 

পাথরঘাটায় জমি নিয়ে বিরোধে টেটাবিদ্ধ ৩, সংবাদ সম্মেলনে বিচার দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬

 ---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। গত ৮ এপ্রিল উপজেলার সদর ইউনিয়নের গহরপুর গ্রামে আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামিরা মামলা তুলে নিতে বাদীকে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মামলার বাদী সন্ত্রাসীদের ভয়ে আত্মগোপনে রয়েছেন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে পাথরঘাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহতদের স্বজনরা এসব অভিযোগ তুলে ধরেন।
আহতরা হলেন— মো. আব্দুল জলিল, মোসা. রুবি আক্তার ও রুস্তম আলী। তাদের মধ্যে রুবি আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আব্দুল জলিল জানান, তার চাচাতো ভাই আব্দুস সালাম প্রায় ৫০ বছর আগে পাথরঘাটার সম্পত্তি বিক্রি করে তালতলী উপজেলায় বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি তিনি পুনরায় ওই জমির মালিকানা দাবি করে ভাড়াটিয়া লোকজন নিয়ে জবরদখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে জলিলকে মারধর করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম খান একাধিকবার বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। সর্বশেষ ৮ এপ্রিল প্রতিপক্ষের লোকজন জলিলের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় রুবি আক্তার বাড়ি থেকে বের হলে তাকে টেটা দিয়ে আঘাত করা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। পরে উদ্ধার করতে গেলে অন্যদেরও হামলার শিকার হতে হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon