শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম, ছেলে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নেশার টাকার জন্য এক যুবক তার মাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল )রাত ৩টার দিকে উপজেলার ক্ষুদিরাম সরকার পাড়া, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত শিখা রানী ঘোষ (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে গোবিন্দ ঘোষকে (১৯) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় ২০-২২ বছর আগে শিখা রানী ঘোষের সঙ্গে সুজিত মন্ডলের বিয়ে হয়। তাদের ঘরে একমাত্র ছেলে গোবিন্দ ঘোষের জন্ম হয়। জন্মের কিছুদিন পরই স্বামী তাকে ছেড়ে চলে গেলে শিখা রানী পিত্রালয়ে বসবাস শুরু করেন এবং একাই ছেলেকে বড় করেন।

অভিযুক্ত গোবিন্দ ঘোষ কিশোর বয়স থেকেই নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে তার ঝগড়া-বিবাদ হতো। সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে রাতের খাবার না খেয়েই মায়ের ঘরে শুয়ে পড়ে।

এরপর শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় মায়ের ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। শিখা রানীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত গোবিন্দ ঘোষকে ঘরের ভেতরে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা, বিছানার চাদর এবং চুলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon