![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল ) ভোররাত আনুমানিক ৪টার দিকে মেসার্স কফিল ফিলিং স্টেশন সংলগ্ন আঃ মান্নানের একটি পরিত্যক্ত ঘরে এ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘরটিতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিস ও গোয়ালন্দঘাট থানায় খবর দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা খড়কুটা ও লাকড়ি সম্পূর্ণ পুড়ে যায়। সংশ্লিষ্টরা জানান, ঘরটি বসবাসের জন্য নির্মাণ করা হলেও এখনো সেখানে কেউ বসবাস শুরু করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু বখাটে যুবকের যাতায়াতের কারণে অসাবধানতাবশত ধূমপান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মন্তব্য