![]()
মো:মুন্না শেখ
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
মোঃ আলী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো আমাদের লক্ষ্য। পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আলী হাসান বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আনন্দঘন ও নিরাপদ নববর্ষ উদযাপন করতে চাই। এজন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা একান্ত কাম্য।”
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা কচুয়ায় নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব পেশ করেন। সবশেষে সভার পক্ষ থেকে সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য