মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
 

দক্ষতার পথে লালপুরের তরুণ প্রজন্ম: ফ্রি কম্পিউটার কোর্সের নতুন দিগন্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬

---

 এ জেড সুজন,নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে শুরু হয়েছে এক আশাব্যঞ্জক উদ্যোগ—ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, যা তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। “চাকরির পেছনে নয়, দক্ষতার পেছনে ছুটুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে।
লালপুর পাবলিক লাইব্রেরির ৪র্থ তলায় অবস্থিত হলিটেক আইটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, যেখানে নতুন সম্ভাবনার কথা উঠে আসে বারবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলিটেক আইটি সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক আব্দুল মোত্তালেব রায়হান এবং সঞ্চালনা করেন প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক মোঃ আরিফুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আলমগীর কবির পরাগ। এছাড়া স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বে দক্ষতা অর্জনই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি জোর দিয়ে বলেন, “নিজেকে দক্ষ করে তুলতে পারলে লালপুরে বসেই বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করা সম্ভব, এবং আয়ের সুযোগ তৈরি হবে।” তার এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
এই কোর্সে বিভিন্ন আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন—গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অফিস অ্যাপ্লিকেশন, হার্ডওয়্যার, অ্যামাজন অ্যাফিলিয়েট এবং ডিজিটাল মার্কেটিং। অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
হলিটেক আইটি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার সক্ষমতা তৈরি করা।
লালপুরের মতো একটি উপজেলা পর্যায়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু শিক্ষার্থীদের জন্য নতুন পথই খুলে দেবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। দক্ষতা-ভিত্তিক এই শিক্ষার প্রসার ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে—এমনটাই প্রত্যাশা সকলের।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon