মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
 

রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন, সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা ,রাজবাড়ী প্রতিনিধি:

“জাটকা ধরা থামায় যদি, ইলিশ ভরবে সাগর- নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম ফকির, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল সরদার, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আসজাদ হোসেন আজু শিকদারসহ স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা জাটকা নিধন রোধে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতি ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, জাটকা সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও জেলেদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিই পারে এই কার্যক্রমকে সফল করতে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত জাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে। জেলেদের বিকল্প কর্মসংস্থান ও প্রণোদনা দেওয়া হচ্ছে, তাই সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে জাটকা সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon