![]()
মো: শরীফ আহম্মেদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সূচনা রানী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষার পথ অনিশ্চয়তার মুখে পড়েছে।
পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সূচনা ও তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়াতে ও খোঁজখবর নিতে সম্প্রতি তাঁর বাড়িতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নির্বাহী সদস্য সাদমান সাম্য।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা এস. এইচ. সোহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাহাত মাহফুজ, নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস রবিন ও সহকারী শিক্ষক সোহেল রানা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।
এদিকে, ‘আলোক যাত্রা’ সংগঠনের উদ্যোগে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। সংগঠনটির সঙ্গে যুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এস. এইচ. সোহান ও নিসাত তাসনিম, আহ্বায়ক সদস্য রাহাত মাহফুজসহ রায়গঞ্জ-তাড়াশ এলাকার স্থানীয় নেতারা বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের কাছে তুলে ধরেন।
এর পরিপ্রেক্ষিতে গত শনিবার সূচনার পরিবারের সঙ্গে দেখা করে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় তিনি ভবিষ্যতেও সূচনার পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা বলছেন, মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের আরও এগিয়ে আসা প্রয়োজন।



মন্তব্য