![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও ‘মিথ্যা তথ্য’ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হানিফ ও নওশাদ হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা পিএম ফারুক, তুষার, জাহিদ এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলি শিপনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
লিখিত ও মৌখিক বক্তব্যে ছাত্রদল নেতা পিএম ফারুক অভিযোগ করেন, গত ২ এপ্রিল বিকেলে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে তাঁর বিরুদ্ধে ভেজাল মদ তৈরি ও সরবরাহের অভিযোগ তোলেন এবং দাবি করেন, ওই মদ পান করে কয়েকজন নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এ অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে বলেন, “এটি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তি পূর্বেও রাজবাড়ী, গোয়ালন্দ ও দৌলতদিয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা তুষার বলেন, “ফেসবুক লাইভে আমাকে মদপান করে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমি গত ২৩ মার্চ শারীরিক অসুস্থতার কারণে অল্প সময়ের জন্য হাসপাতালে গিয়েছিলাম, তবে ভর্তি হইনি।”
এদিকে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলি শিপন বলেন, “মদপানের প্রশ্নই আসে না। আমি এ ধরনের ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত নই। আমার বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত গুজব রটনাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।



মন্তব্য