শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
 

পলাশে ভয়াবহ ঘটনা: ডাব বিতর্কে প্রাণ হারালেন মামুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬

---

মো সিয়াম সরকার, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পারা নিয়ে বিরোধের জেরে মামুন (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে।
নিহত মামুন ওই গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দুই দিন আগে রাবেয়া নামে এক প্রতিবেশী মামুনকে ডেকে তার বাড়িতে নিয়ে যান। পরে মামুনকে দিয়ে রাবেয়ার এবং প্রতিবেশী আজিজুলের গাছ থেকে ডাব পারানো হয়। পরবর্তীতে ওই ডাব ভাগবাটোয়ারা নিয়ে আজিজুলের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়।
এরই জেরে আজিজুল ক্ষিপ্ত হয়ে মামুনের বাড়িতে গিয়ে তার ঘরের টিন ও অটোরিকশা ভাঙচুর করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
পরবর্তীতে শুক্রবার বেলা ১১টার দিকে মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশে একটি ইটভাটার পশ্চিম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon