শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
 

বিনোদনের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বাগেরহাটের ‘চন্দ্র মহল’ ইকো পার্ক নিয়ে উদ্বেগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬

---

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর এলাকার ‘চন্দ্র মহল’ ইকো পার্ককে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। একসময় পারিবারিক বিনোদনের নিরাপদ স্থান হিসেবে পরিচিত এই পার্কটি এখন স্থানীয়দের মাঝে উদ্বেগ ও অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিযোগ, পার্কের নিরিবিলি পরিবেশকে কাজে লাগিয়ে কিছু অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। বিশেষ করে দিনের বেলায় যেমন-তেমন পরিস্থিতি থাকলেও, সন্ধ্যার পর এসব কর্মকাণ্ড আরও বেড়ে যায় বলে দাবি করেছেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “পরিবার নিয়ে ঘুরতে এসে এখন অস্বস্তিতে পড়তে হয়। পার্কের পরিবেশ আগের মতো নেই।” অভিভাবকরাও সন্তানদের নিয়ে এখানে আসতে অনিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন।

স্থানীয়দের মতে, পার্কে পর্যাপ্ত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পার্কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সচেতন মহলের মতে, বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এসব স্থান ধীরে ধীরে পরিবারবিমুখ হয়ে পড়বে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon