বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
 

পাথরঘাটায় টিসিবি কার্ডের নামে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

টিসিবি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে বরগুনার পাথরঘাটায় রফিকুল ইসলাম সুমন (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্টার অফিস ব্রিজসংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় সেখান থেকে ভুয়া ফরম, আবেদনপত্র ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি “ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স” কোম্পানির সাইনবোর্ড ব্যবহার করে টিসিবি কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপণ্য সরবরাহের নামে কার্যক্রম পরিচালনা করছিলেন। এর আগে পহেলা এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হয়।

পরদিন সকাল ১০টার দিকে সেখানে শত শত নারী-পুরুষের সমাগম ঘটে। এ সময় বিভিন্ন কৌশলে প্রত্যেকের কাছ থেকে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, এভাবে লক্ষাধিক টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে।

স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। জানা গেছে, রফিকুল ইসলাম সুমন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ বিষয়ক সম্পাদক সাঈদ বেলাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে। স্থানীয়রা আরও জানান, এর পেছনে একটি প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে।

অভিযুক্ত সুমন দাবি করেন, খাদ্য সংকট মোকাবিলায় সহায়তা দেওয়ার উদ্দেশ্যে তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। তবে তার বক্তব্যে অসংগতি থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon