![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় খাল পুনঃখননের দাবিতে ব্যতিক্রমী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। খালের পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়া এলাকাবাসী সরাসরি খালের মধ্যেই অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী গোলাম মোস্তফা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আনোয়ার মাসুম আহম্মদ, আরিফুর রহমান,সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমূখ
বক্তারা অভিযোগ করেন, পূর্ব কালমেঘা সংলগ্ন বিষখালী নদী থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত এই খালটি দীর্ঘদিন ধরে খনন না করায় ভরাট হয়ে গেছে। ফলে নদীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ রয়েছে।
এর ফলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমন ধানসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
অন্যদিকে, শুকনো মৌসুমে খালে পানি না থাকায় দেখা দিচ্ছে তীব্র সেচ সংকট। অনেক কৃষক ব্যক্তিগত পাম্প ব্যবহার করেও জমিতে পর্যাপ্ত পানি দিতে পারছেন না। এতে উৎপাদন খরচ বাড়লেও ফলন কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ইতোমধ্যে অনেক জমি অনাবাদি হয়ে পড়েছে এবং জমির উর্বরতাও কমে গেছে বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে খালগুলো পুনঃখনন অত্যন্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা পলাশ চন্দ্র ঘোষ জানান, খালগুলো চিহ্নিত করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে দক্ষিণ কুপধনের এই খালটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় ৪ কিলোমিটার অংশ পুনঃখননের প্রস্তাবও পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। পাথরঘাটার খালগুলো খননের জন্য বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য