![]()
মো. সিয়াম সরকার, পলাশ উপজেলা প্রতিনিধি :
পবিত্র ঈদ সামনে রেখে নরসিংদীর পলাশে মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ৪র্থ বারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী “১০ টাকার ঈদ বাজার”। মানবিক এ উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ২৩৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মাত্র ১০ টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, আলু ও পেঁয়াজসহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদ হোসেন জনি, আরজু ভূইয়া, রেজাউল করিম সোস্তাক ও ইমরান হোসেন ভূইয়া। এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন, আশরাফ ভূইয়া ও আরিফ ভূইয়া।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত আকারে পরিচালনা করা হবে।
উপকারভোগী কয়েকজন জানান, সামান্য ১০ টাকার বিনিময়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগ তাদের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং কিছুটা হলেও তাদের জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে।
সর্বোপরি, মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।



মন্তব্য