![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজবাড়ীর গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২ টার সময় রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার ও জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর মোরশেদ দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক ঘাটসংলগ্ন বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি যাত্রীসাধারণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যাত্রাপথের ভোগান্তি, টিকিট সংক্রান্ত সমস্যা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সম্পর্কে খোঁজখবর নেন। যাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরে তিনি লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় নৌপথে চলাচলরত লঞ্চ, ফেরি ও অন্যান্য জলযানের সুষ্ঠু পরিচালনা, যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রীচাপ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিক উন নবী তালুকদার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব উছেন মে ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মোঃ শামসুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম , নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেন,গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মমিনুল ইসলাম, দৌলতদিয়া ঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা এবং জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া ঘাট এলাকায় আইনশৃঙ্খলা জোরদার, যানজট নিরসন, টিকিটে অনিয়ম প্রতিরোধ এবং যাত্রীসেবার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের।
এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর মোরশেদ বলেন, দৌলতদিয়া ঘাটে যেন যানজট না সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী পোশাকে এবং সাদা পোশাকে টহল দিচ্ছে। আমাদের এখানে নৌ পুলিশ ,থানা পুলিশ, ট্রাফিক পুলিশ সহ অন্যান্য বাহিনী কাজ করে যাচ্ছে। ঘাট এলাকা নির্বিঘ্নে যাত্রী যেন তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কোন অনিয়ম চাঁদাবাজি দুর্নীতি দেখলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।



মন্তব্য