![]()
আশিকুর রহমান, জবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটি গঠনের আগেই ছাত্রদলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইউনিটে নতুন কমিটি দিতে জোরালো তোড়জোড় চলছে বিএনপিতে। ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর এসব ইউনিটে নতুন করে ছাত্রদলের কমিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে দলটির হাইকমান্ডেও। জাতীয় নির্বাচনী হওয়ায় আলোচনা কিছুটা থেমে গেলেও আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর এসব ইউনিটে ছাত্র সংগঠনটির কমিটি গুছিয়ে রাখার কাজ সমাপ্ত করার জোর প্রস্তুতি চলছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদি এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর। ওই দিন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়। সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল।
এরমধ্যে ওই কমিটির অধীনে ফের নতুন কমিটি গঠনের আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। ফলে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। তাদের দাবি, ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটির পরই যেন দ্রুত জবি শাখা কমিটি গঠন করা হয়। একই সিন্ডিকেটের অধীনে ফের কমিটি হলে তাদের নিজেদের লোকই বসাবে, এমনটাই আশঙ্কা করছেন তারা। এক্ষেত্রে অনেক ত্যাগী নেতারা বঞ্চিত হতে পারে।
জবি শাখা ছাত্রদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ছাত্রদলের একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অবশ্যই যোগ্য লোককেই বাছাই করবেন। ছাত্রদলের কমিটির বিষয়ে তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন আমরা মেনে নিবো। আমরা সিন্ডিকেট মুক্ত ছাত্রদল চাই।
জানা গেছে, সংশ্লিষ্টদের মতামত এবং কেন্দ্রীয় সিদ্ধান্তে দলের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি সম্মতি দিলে খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় গুলোর কমিটি প্রকাশ হবে। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে স্বকীয় রাখতে রানিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, দলের প্রতি অবদান ও দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা সবদিক বিবেচনা করেই কমিটি দেওয়ার প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে নতুন নেতৃত্বের আলোচনায় সবচেয়ে বেশি নাম উঠে এসেছে সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি এবং রবিউল আউয়ালের। তারা চলমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে বিভিন্ন সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি, আন্দোলন ও প্রতিবাদে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
আলোচনার শীর্ষে থাকা সুমন সরদার জবি ছাত্রদলের রাজপথের পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন স্তরে কাজ করে আসছেন। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশ নেন এবং ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। এদিকে মোস্তাফিজুর রহমান রুমি গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। অন্যদিকে রবিউল আউয়ালও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচিত। তিনি ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে ছাত্রদের পক্ষে সোচ্চার থেকেছেন এবং সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, কমিটি গঠনে এই তিনজনের মধ্যে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে কে আসছেন তা নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বের ওপর নির্ভর করছে। ছাত্র সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাতে নেতৃত্ব তরুণ ও গতিশীল থাকে। পাশাপাশি জবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির নেতারা সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। সাংবাদিক হামলার প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও, উপাচার্যের পদত্যাগ দাবি এবং ক্যাম্পাস ইস্যুতে তাদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। এসব কর্মকাণ্ড নতুন কমিটির নেতৃত্ব নির্বাচনে তাদের অবদানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
এছাড়াও নতুন নেতৃত্বের আলোচনায় দ্বিতীয় সারিতে জবি শাখা ছাত্রদলের আরও কয়েকজন নেতার নাম উঠে আসছে। এরমধ্যে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, সাখওয়াতুল ইসলাম পরাগ উল্লেখযোগ্য। এই ইউনিটে নারী নেতৃত্বে জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরাও আলোচনায় রয়েছেন।
এর আগে, গত ৮ মার্চ বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, “দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পুরনো কমিটি থাকায় সংগঠনে গতি আনতে দলীয় হাইকমান্ডের নির্দেশে কাজ করে যাচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্টরা।”
উল্লেখ্য, ঈদের আগেও নতুন কমিটি আসার উল্লেখযোগ্য সম্ভবনা রয়েছে বলেও জানা যায়।



মন্তব্য