![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এক অভূতপূর্ব রাজনৈতিক সহবস্থান দৃশ্যের অবতারণা হয়েছে। রাজনৈতিক মতাদর্শের শত বিভেদ ভুলে জাবি প্রেসক্লাবের ইফতারের টেবিলে একত্রিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ধারার ছাত্রসংগঠনের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জাবি প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে এই দৃশ্য দেখা যায়।
অনুষ্ঠানে জাবি প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি ইমন মিয়া ও ছাত্র ইউনিয়নের ( একাংশ) সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক -এর জাবি শাখার শীর্ষ নেতৃত্ব। ভিন্ন রাজনৈতিক মত ও আদর্শ থাকা সত্ত্বেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের একত্রে বসে ইফতার করার দৃশ্য এক ইতিবাচক সাড়া ফেলে।
ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।



মন্তব্য