![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি শনিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজবাড়ী জেলায় সরকারি সফরে আগমন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
প্রতিমন্ত্রী রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক সুলতানা আক্তার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
পরে প্রতিমন্ত্রী জেলার সার্বিক সাংস্কৃতিক কার্যক্রম, ঐতিহ্য সংরক্ষণ ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি বলেন,
“ রাজবাড়ী জেলা নদী ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। নদীভাঙন এখানে একটি বড় সমস্যা। আমি নিজেই এই রাজবাড়ীবাসীর এই দুর্ভোগ সম্পর্কে কথা চিন্তা করে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতুর কমিটি করেছি,যারা এই বিষয়ে কাজ করবে। নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণে সরকার আন্তরিকভাবে কাজ করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও জীবিকা সহায়তায়ও সরকার গুরুত্ব দিচ্ছে। রাজবাড়ীর সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”।”
প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে তিনি জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করতে পারেন।



মন্তব্য