শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
 

রাজবাড়ীতে রমজানে সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের প্রোটিন চাহিদা পূরণে রাজবাড়ীতে সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের পাশে স্থাপিত অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে পরিচালিত এ কর্মসূচির আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ দুই হালি ডিম (প্রতি হালি ৩০ টাকা হিসেবে মোট ৬০ টাকা), এক লিটার দুধ ৭০ টাকা এবং এক কেজি গরুর মাংস ৭০০ টাকায় কিনতে পারবেন। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, রমজান মাসে সাধারণত দুধ, ডিম ও মাংসের দাম বৃদ্ধি পায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রীর নির্দেশনায় দরিদ্র জনগোষ্ঠীর প্রোটিন ঘাটতি পূরণের লক্ষ্যে রাজবাড়ীতে কম মূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন ৫০০ পিস ডিম, ৬০ লিটার দুধ ও ১০০ কেজি গরুর মাংস বিক্রি করা হবে। তবে চাহিদা ও জোগান অনুযায়ী সরবরাহ বাড়ানো হতে পারে বলেও তিনি জানান।

 ---

 

বিক্রয় কেন্দ্রে বাজারদরের চেয়ে কিছুটা কম দামে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। তবে মাংসের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন ক্রেতা বলেন, বর্তমান বাজারে গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। সে তুলনায় ৭০০ টাকা কিছুটা কম হলেও ৬০০ থেকে ৬৫০ টাকা হলে সাধারণ মানুষের জন্য আরও সহায়ক হতো। তবুও এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষ কষ্টে পড়েন। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাজারমূল্যের চেয়ে কম দামে সবাই এসব পণ্য কিনতে পারবেন। প্রয়োজনে সরবরাহ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, “সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। রমজান মাসে যেন কেউ প্রোটিন ঘাটতিতে না ভোগেন, সেজন্য এ কার্যক্রম চালু রাখা হবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon