![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’- এর প্রবর্তক, আওলাদে রাসুল (দ.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম উরস শরিফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ম শ্রেণির মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব, প্রফেসর এ ওয়াই এম ডি জাফর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল এর সচিব অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মু. আবু তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু ছালেহ সুমন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. কৌশিক সায়মন শুভ, অধ্যাপক ইন্দ্রজিত কর, অধ্যাপক ভগিরথ দাশসহ বিভিন্ন শিক্ষাবিদ ও সুধীজন।
বৃত্তি তহবিলের আওতায় দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৮শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার মূল্যায়ন শেষে একই দিনে নির্বাচিত ২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির পুরস্কার তুলে দেন।
বক্তারা বলেন, মাইজভাণ্ডারীয়া দর্শনের মূল শিক্ষা মানবতা, জ্ঞানচর্চা ও নৈতিকতার বিকাশ। শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মন্তব্য