![]()
আশিকুর রহমান, জবি প্রতিনিধি
‘মানসিক স্বাস্থ্যই মানবাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট যৌথভাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে একটি রেলি, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সমাজকর্ম বিভাগের সামনে থেকে রেলি শুরু হয়। এটি শান্ত চত্বর ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। রেলিতে বিভাগের প্রায় ২০০ জন শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক পোস্টার, ফ্ল্যাকার্ড এবং স্লোগান প্রদর্শন করেন।
রেলি শেষে মুক্ত মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান।
সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. মহসীন রেজা বলেন, ‘মানসিক স্বাস্থ্য কেবল নিজের নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার ও আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্ব।’
সহকারী অধ্যাপক মুহা: শহীদুল হক বলেন, ‘ব্যক্তিকে নিজের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তার আশেপাশের মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যাহত হলে প্রাথমিক অবস্থায় পরিবারের সদস্য, শিক্ষক এবং বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছ বা ঢং করছে মনে করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান এবং চারপাশের পরিবেশকে সহানুভূতিপূর্ণ করতে হবে।’
আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়।



মন্তব্য