বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
 

পুলিশের টিয়ারসেলের ধোঁয়ায় মর্গান স্কুলের শিক্ষার্থীরা গুরুতর আহত

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২

ছবিঃ যুগের কণ্ঠস্বর

নারায়ণগঞ্জ শহরে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় টিয়ার শেলের ধোঁয়ায় ৩০ শিক্ষার্থী আহতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছে অন্তত ৮ জন। আহতরা সকলেই নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় ডিআইটি বাণিজ্যিক এলাকায় নগর পাঠাগারের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পৌনে ১১টার দিকে পুলিশ ধাওয়া দিলে বিএনপির নেতা-কর্মীরা মর্গ্যান বালিকা স্কুল অ্যান্ড কলেজের সামনের দিকের রাস্তা দিয়ে ঢুকে পড়েন। এ সময় পুলিশ সদস্যরা বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের ছোড়া তিন-চারটি কাঁদানে গ্যাসের শেল শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে পড়ে।

টিয়ার শেলে গুরুতর অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন মর্গ্যান স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আয়শা সুলতানা, লামিয়া, আফসানা মীম, মিমিয়া, রোকেয়া, ৮ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হানী, আখি, উম্মে কুলসুম।

হাসপাতালে গিয়ে দেখা যায়, স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী উম্মে হানীকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তীব্র শ্বাসকষ্টে ছটফট করছেন তিনি। তার মা ও হাসপাতালের নার্সরা তাকে শান্ত করার চেষ্টা করছেন। পরে দ্রুত তাকে ইমার্জেন্সি রুম থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। একই ভাবে দশম শ্রেনীর ছাত্রী আয়েশাকেও রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। সে সংজ্ঞাহীন ছিলো দীর্ঘ সময়। সংজ্ঞা ফিরে আসার পর কিছুটা উন্নতি হয়েছে তার।

আয়েশার মা বলেন, স্কুলে আমার মেয়ে মাঠে খেলছিলো। হঠাৎ টিয়ার শেল এসে পড়লে আমার মেয়ে সহ আরও অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায়। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকরাই তাদের হাসপাতালে এনে আমাদের ফোন দেয়। এসে দেখি মেয়ের এই অবস্থা।

স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বেলা ১১ টার দিকে হঠাৎ স্কুল মাঠে একটি টিয়ার শেল পরে। মাঠে থাকা মেয়েরা গুরুত্বর অসুস্থ হয়ে যায় আমাদের প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়। ঘটনার পরপরেই আমরা পুলিশ সুপারকে ফোন দিলেও তিনি আমাদের ফোনকল রিসিভ করেননি।

আহতের বিষয়ে ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, আমাদের হাসপাতালে বেশ কিছু স্কুল শিক্ষার্থী টিয়ার শেলে আহত অবস্থায় ভর্তি হয়েছে। তাদের অক্সিজেন সেবার পাশাপাশি পর্যবেক্ষনে রাখা হয়েছে।

মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার প্রভাষক কবির চৌধুরী বলেন, পুলিশের ছোড়া এলোপাতাড়ি কাঁদানে গ্যাসের শেল তাঁদের স্কুলের ভেতরে এসে পড়ে। এতে তাঁদের স্কুলের ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, বিএনপির নেতা-র্মীরা বিভিন্ন ভবনের ওপরে উঠে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়লে সেখান থেকে হয়তো পড়তে পারে। তিনি বলেন, বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে।

মোঃ ইমরান হোসেন তালহা
নারায়ণগঞ্জ প্রতিনিধি

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon