মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
 

তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬

 ---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর:
তিন দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এক প্রধান শিক্ষক। সেই ছুটি শেষ হয়েছে বহু আগেই; কিন্তু সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও আর বিদ্যালয়ে ফেরেননি তিনি। নেননি বিদেশে যাওয়ার অনুমতিও। তার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান।

জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান ২০২২ সালের ২২ আগস্ট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তিন দিনের ছুটি নেন। পরদিন ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এরপর আর ফেরেননি বিদ্যালয়ে। এভাবেই টানা সাড়ে তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এর আগে ২০২১ সালের ১৯ ডিসেম্বর প্রথমবার যুক্তরাষ্ট্রে যান জিল্লুর রহমান। প্রায় পাঁচ মাস চার দিন পর ফেরেন দেশে। ওই সময় বিদ্যালয় থেকে ছুটি নিয়েছিলেন দুই মাসের। তবে বিদেশ যাওয়ার জন্য অনুমতি নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দেশে ফেরার পর তিনি সরকারি বেতন-ভাতাও উত্তোলন করেন বলে জানা গেছে বিদ্যালয় সূত্রে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় নানা সংকট তৈরি হয়েছে প্রশাসনিক কার্যক্রমে। তার নেতৃত্ব না থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম। পাশাপাশি প্রধান শিক্ষক নিজেই নিয়মনীতি না মানায় অন্য শিক্ষক-কর্মচারীদের মধ্যেও দায়িত্ব পালনে অনীহা তৈরি হচ্ছে।

বিদেশে অবস্থান করায় প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী জানিয়েছেন, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি কবে বিদ্যালয়ে যোগ দেবেন, সেটিও নিশ্চিত নয়। ফলে বিদ্যালয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনো শূন্য ঘোষণা করা হয়নি তার পদটি।

এদিকে প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে ব্যবস্থা নিতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দেন। ওই সময় বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়; কিন্তু প্রধান শিক্ষক জিল্লুর রহমান বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো অনুমতি নেননি। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র জানিয়েছেন, চাকরি বিধিমালা অনুযায়ী অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করার সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি ২০১৭ সালের ১৯ মার্চ জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon