বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
 

দীর্ঘ বিরতির পর সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬

---


‎জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎দীর্ঘ সময় পর সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বহুদিন পর নিজেদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
‎নির্বাচন কমিশন জানায়, ইউনিয়নের কার্যালয়সংলগ্ন ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের সুবিধার্থে ২৫টি বুথ স্থাপন করা হয়েছে। এ নির্বাচনে তিন হাজারের বেশি নিবন্ধিত শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কমিশনের প্রত্যাশা, মোট ভোটের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়তে পারে।
‎সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকরা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। অনেক ভোটার জানান, তারা এমন নেতৃত্বকে নির্বাচিত করতে চান যারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ এবং পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।

‎ইউনিয়নের আহ্বায়ক তাজ উদ্দিন বলেন, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দায়িত্ব গ্রহণের পর একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়, যাতে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব সুষ্ঠুভাবে হস্তান্তর করা যায়।
‎নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়নের মোট ১৫টি পদের মধ্যে সভাপতি পদে মনিরুজ্জামান মনি এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৩টি পদের জন্য ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎নির্বাচন কমিশনের চেয়ারম্যান শাকিল মো. শরিফুর হায়দার রফিক সরকার জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

‎দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, নির্বাচিত নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon