![]()
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গুরুত্বপূর্ণ ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর বাসস্ট্যান্ড ও রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় চলছে সড়ক ও বাসস্টপ দখলের মহোৎসব। যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত সরকারি জায়গা দিন দিন অবৈধ দখলে চলে যাওয়ায় সংকুচিত হয়ে পড়ছে মহাসড়ক। এর সঙ্গে যুক্ত হয়েছে যত্রতত্র যানবাহন পার্কিং, ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট, জনদুর্ভোগ এবং প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
সরেজমিনে দেখা যায়, লালপুর বাসস্ট্যান্ড ও রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় বাসস্টপের নির্ধারিত অংশের অনেকটাই দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে দখল হয়ে আছে। কোথাও কোথাও রাস্তার কাঁধ পর্যন্ত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য যানবাহন বাধ্য হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে।
স্থানীয়দের অভিযোগ, দিনের অধিকাংশ সময় এসব এলাকায় সড়কের একাংশ দখল করে রাখা হয়। এতে দ্রুতগতির যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সামান্য অসতর্কতা থেকেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।
সচেতন নাগরিকরা জানান, ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক উত্তরাঞ্চলের একটি ব্যস্ততম সড়ক হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ না থাকায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে লালপুর বাসস্ট্যান্ড ও রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকার সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ এবং বাসস্টপগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনুক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে আর কেউ সরকারি সড়ক বা বাসস্টপ দখল করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের ভাষায়, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে মহাসড়ক উন্নয়ন করছে, অথচ অবৈধ দখল আর অব্যবস্থাপনার কারণে সেই উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে না। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ, নির্ধারিত বাসস্টপ পুনর্বহাল এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।



মন্তব্য