মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
 

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিক।
গোলাম সরোয়ার হিরুর জন্ম ১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে। তিনি বরগুনার রাজনীতিতে একজন সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফেব্রুয়ারি ও জুন—উভয় অধিবেশনেই ইসলামী ঐক্যজোটের মনোনয়নে বরগুনা-2 আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁর সময়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। র্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি একজন স্পষ্টভাষী, সাহসী ও জনবান্ধব রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon