সোমবার, ২০ জুলাই ২০২৬
 

কাজিপুরে যমুনার ভাঙনে চরগিরিশ ফ্লাড শেল্টার বাজারের একাংশ নদীগর্ভে বিলীন, ঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয় ‎

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬

 ---

জাহিদ হাসান, (সিরাজগঞ্জ), প্রতিনিধি

‎সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙনে চরগিরিশ ফ্লাড শেল্টার বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফ্লাড শেল্টার ভবন, বাজারের অবশিষ্ট অংশ এবং আশপাশের বসতবাড়ি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে চরগিরিশ এলাকায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বাজারের একাংশ নদীতে বিলীন হয়েছে। প্রতিদিনই নদী আরও ভেতরের দিকে অগ্রসর হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেক দোকানপাট খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। ‎ ‎স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙনের গতি একইভাবে চলতে থাকলে কয়েক দিনের মধ্যেই পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফ্লাড শেল্টার বাজারের অবশিষ্ট অংশও নদীগর্ভে চলে যেতে পারে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি হাজারো মানুষের নিরাপদ আশ্রয় ও জীবিকার ওপর বড় ধরনের প্রভাব পড়বে। ‎ ‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা, ডাম্পিং এবং স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। ‎ ‎এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে চরগিরিশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনপদ মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon