![]()
বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করেছে ট্রাফিক মিরপুর বিভাগের দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ রায় সহ সঙ্গীয় ফোর্স। শনিবার (১৮ জুলাই ২৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তির নাম- শাহ্ আলী থানাধীন তুরাগ সিটির সাহাদাত হোসেন বাপ্পির ছেলে সাজ্জাদ হোসেন আশিক (২০)।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, আনুমানিক ০৬:৪০ ঘটিকায় ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি বেপরোয়া গতির হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে থামানোর সংকেত প্রদান করেন। চালক প্রথমে গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে অস্বীকৃতি জানায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির উদ্দেশ্যে চালক ও আরোহীকে গাড়ি থেকে নামতে বলা হলে চালক হঠাৎ দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন। এ সময় সংশ্লিষ্ট এলাকার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিক (২০), পিতা: সাহাদাত হোসেন বাপ্পি, তুরাগ সিটি, শাহআলী, মিরপুর-০১ ঢাকা-কে আটক করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ট্রাফিক মিরপুর বিভাগ সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।



মন্তব্য