![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার সময় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন,জুলাই আন্দোলনের শহীদদের দেশের জন্য আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা করে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ ধারণ করেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে রাজবাড়ী জেলা পুলিশ সবসময় থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক ও পেশাদার পুলিশি সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দেশের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি বলেন, “জুলাই শহীদ দিবস কেবল শোক ও শ্রদ্ধা জানানোর দিন নয়; বরং শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে দায়িত্বশীল, মানবিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।”
জেলা প্রশাসক আরও বলেন, “জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। জেলা প্রশাসন সরকারের নির্দেশনা অনুযায়ী তাঁদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের চেতনা তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, স্থানীয় সরকারের উপপরিচালক কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো. আবুবকর সিদ্দিক, জুলাই আন্দোলনে শহীদ গনির পরিবারের সদস্যসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



মন্তব্য