![]()
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ থেকে ৭ শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসলে নামে। এ সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে প্রথমে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং একজন শিশু নিখোঁজ ছিল। পরে নিখোঁজ সুমাইয়াকে মৃত উদ্ধার করা হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর লাশ শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য