বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
 

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬

---
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলী কেউটিল ব্লকে গোয়ালন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। এছাড়া উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক নেতৃবৃন্দ এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষক কার্ড কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, প্রকৃত কৃষকদের তথ্য হালনাগাদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকারি সেবা সহজলভ্য করা এবং কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, “কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি হবে। এতে প্রাণিসম্পদ খাতে সরকারি সহায়তা ও বিভিন্ন সেবা দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের ফলে মৎস্য খাতের প্রকৃত চাষিদের সঠিক তথ্য সংরক্ষণ করা সহজ হবে। পাশাপাশি সরকারি প্রণোদনা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, “সরকারের কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। এতে কৃষকদের জন্য সরকারি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন সেবা আরও কার্যকর, স্বচ্ছ ও দ্রুত প্রদান করা সম্ভব হবে। এ কার্যক্রম সফল করতে কৃষকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।”
সভা শেষে উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon