বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
 

চেয়ারম্যান ও পিআইও’র হস্তক্ষেপে ভাঙা ইট সরানোর শর্তে পুনরায় চালু হচ্ছে দোয়ারাবাজারের সড়কের কাজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬

 ---

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের হেরিংবোন বন্ড (এইচবিবি) ইটের সলিংয়ের কাজে সৃষ্ট জটিলতা অবশেষে নিরসনের দিকে এগোচ্ছে। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি দ্রুত আমলে নিয়েছেন স্থানীয় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান। তাদের যৌথ উদ্যোগ ও বিশেষ হস্তক্ষেপে সড়কটিতে ব্যবহৃত বিতর্কিত নিম্নমানের ভাঙা ইট সরিয়ে নেওয়ার শর্তে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর এলাকায় ৪১ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার কাঁচা রাস্তা টেকসইকরণের কার্যাদেশ পায় ‘মাইমুনা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু শিডিউল না মেনে নিম্নমানের ইট-বালু ব্যবহার এবং সরাসরি কাঁদার ওপর কাজ করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। পরবর্তীতে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কারণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান কাজটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিলে স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হয়। তবে জনভোগান্তি লাঘব এবং কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে যৌথভাবে এগিয়ে আসেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এবং পিআইও লুৎফুর রহমান।

তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কে ব্যবহৃত সমস্ত ত্রুটিপূর্ণ ও ভাঙা ইট অবিলম্বে সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা দেন। শিডিউল মোতাবেক শতভাগ উন্নত মানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কঠোর শর্তে বন্ধ থাকা কাজ পুনরায় চালু করার বিষয়ে ঐকমত্য হয়। এ বিষয়ে সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, “জনগণের সুফল ও যাতায়াত নির্বিঘ্ন করতেই এই গ্রামীণ সড়কের উন্নয়ন করা হচ্ছে। কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না। ঠিকাদারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ভাঙা ও নিম্নমানের ইট সরিয়ে সিডিউল অনুযায়ী নিখুঁতভাবে কাজ করতে হবে।” উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান জানান, “আমরা কাজের স্বচ্ছতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। এলাকাবাসীর অভিযোগ আমলে নিয়ে ইতিমধ্যেই ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম মেনে এবং কাজের মান বজায় রেখে দ্রুত যাতে সড়কের কাজ শেষ করা যায়, সেজন্য আমাদের সার্বিক তদারকি অব্যাহত থাকবে।” এদিকে চেয়ারম্যান ও পিআইও’র এই ইতিবাচক উদ্যোগ এবং ভাঙা ইট সরানোর শর্তে কাজ চালুর সিদ্ধান্তে বরকতনগর এলাকাবাসীর ক্ষোভ প্রশমিত হয়েছে। তারা আশা করছেন, এবার যথাযথ কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে সড়কের কাজ সম্পন্ন হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon