![]()
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাজিরচক-এতিমপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাঁদামাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন আশেপাশের চার-পাঁচটি গ্রামের হাজারো মানুষ। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগের অবসান ঘটানো হোক। স্থানীয়দের অভিযোগ, বহুবার ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়নকাজ হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন,আমাদের এতিমপুর জামে মসজিদ এই সড়কের পাশেই অবস্থিত। গ্রামের বয়স্ক মানুষসহ আমরা নিয়মিত এই পথ দিয়ে মসজিদে নামাজ পড়তে যাই। বর্ষার সময় রাস্তা কাদাময় হয়ে যাওয়ায় অনেক সময় বয়স্ক লোকজন পিছলে কাদায় পড়ে যান, যা অত্যন্ত দুঃখজনক ও ঝুঁকিপূর্ণ।
আরেক বাসিন্দা মো. মিজান মিয়া বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচনের পর আর তাদের খুঁজে পাওয়া যায় না। আগামী নির্বাচনের আগে যদি এই সড়ক পাকা বা সংস্কার না করা হয়, তাহলে এলাকাবাসী কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
সরেজমিনে দেখা যায়, ধর্মঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় ঢেকে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীদের মতে, দীর্ঘদিনের অবহেলা ও যথাযথ নজরদারির অভাবেই সড়কটির এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। জনস্বার্থে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দ্রুত পরিদর্শনের মাধ্যমে সড়কটি পাকা বা সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন কাজিরচক, এতিমপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের জনগণ।



মন্তব্য