![]()
উজ্জ্বল কুমার বালা,মোল্লাহাট, (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক, এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা প্রচণ্ড তাপদাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের ভেতর ও বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বিশেষ করে রাতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে। অতিরিক্ত গরমে শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতা বাড়ছে বলেও জানা গেছে।
এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, নিয়মিত বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে এবং মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় দোকানপাট ও ছোট ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, বিশেষ করে ফ্রিজ, কুলিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রনির্ভর ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সাধারণ মানুষের প্রশ্ন, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও কেন এ ধরনের চরম লোডশেডিং দেখা দিচ্ছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে এলাকাবাসী মোল্লাহাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিএজিএম-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



মন্তব্য