![]()
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল ২০২৬) তারিখে পরিচালিত এ অভিযানে তাদেরকে আটক করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যা স্থানীয় এলাকায় মাদক ব্যবসার একটি বড় চালান হিসেবে বিবেচিত হচ্ছে।
অভিযানে প্রথমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মৌসুমী আক্তার (২৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আফান আলীর মেয়ে। বর্তমানে তিনি গাজীপুরের গাছা থানার খাইলকৈর দক্ষিণ এলাকার বাহার মার্কেট সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
এদিকে বাসন থানা পুলিশের অপর একটি অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ হোসেন (৩৩) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পোড়াগড় এলাকার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানার নাওজুরি এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বাসন থানা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।



মন্তব্য