![]()
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিন চরপড়া গ্রামে স্ত্রী, শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে গরু-ছাগল ও বসতঘরের মালামাল লুটপাটের অভিযোগে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। যাহার মামলা নং-৮৩/২০২৬।
মামলার বাদী মো. ফারুক হোসেন জানান প্রায়, ২০ বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী তানিয়া বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। চাকরির কারণে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ নভেম্বর রাতে স্ত্রী তানিয়া বেগম (৩৬), শাশুড়ী হোসেনারা বেগম (৫৭),শ্যালক মোস্তাফিজুর রহমান (৩৫), স্থানীয় মো. সোহেল রাড়ী (৩৬) এবং মো. জাকিরিয়া (২৮) একত্রিত হয়ে বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬টি গরু ও ৩০ হাজার টাকা মূল্যের ৩টি ছাগল নিয়ে যায় এবং পরে সেগুলো বিক্রি করে দেয়। পরবর্তীতে ১ জানুয়ারি বিকেলে অভিযুক্তরা বসতঘরে ঢুকে ফ্রিজ, পানির মোটর, খাট, ড্রেসিং টেবিল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। যার মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
ফারুক হোসেন আরও জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও কোন সমাধান পায়নি, এবং পরবর্তীতে এলাকায় এসে আপোষের চেষ্টা করলে আসামিরা তাকে প্রাণনাশসহ যৌতুক এবং নারী নির্যাতন মামলায় আসামি করার হুমকি দেয়। এ ঘটনায় একাধিক বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারপ্রান্তে গিয়ে সমাধানের চেষ্টায় ব্যর্থ হয় বলে জানান ফারুক হোসেন।
স্ত্রী তানিয়া বেগম বলেন, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত এবং আরেকটি বিয়ে করে ঢাকা চলে যায়। আমার বাবার বাড়ির থেকে যে সংসারিক মালামাল দিয়েছি তা নিয়ে আমি চলে আসছি। দুই সন্তান নিয়ে বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি।
এ ঘটনায় ফারুক হোসেন আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে ৪৪৮/৪৫৭/৩৮০/৫০৬(২)/১০৯ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।



মন্তব্য