![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে একটি দোজালি গুড় কারখানা থেকে ১০০ মণের বেশি ভেজাল গুড় ধ্বংস করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিরাপদ খাদ্য আইনের সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান।
অভিযান সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলার কাচারি পাড়া গ্রামের ‘কামুর দোজালি গুড় কারখানা’তে চিনি, পুরোনো পচা গুড় ও মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও বিপজ্জনক। কাঁচামালের গুদাম থেকে ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত ফিটকিরি, ইউরিয়া সার এবং সালফার–ম্যাগনেশিয়াম সারের উপস্থিতি পাওয়া যায়।
অভিযানে ১০০ মণের বেশি পচা গুড়, এক বস্তা ইউরিয়া, ২০ কেজি সালফার-ম্যাগনেশিয়াম সার, আনুমানিক ২০ কেজি হাইড্রোজ এবং ২০ কেজি ফিটকিরি ধ্বংস করা হয়। পাশাপাশি গুড় তৈরির জন্য প্রস্তুত রাখা ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়।
কারখানার মালিক অভিযান চলাকালে উপস্থিত না থাকায় ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ২৩ ও ২৫ ধারায় তার বিরুদ্ধে রাজবাড়ী বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, পাংশা উপজেলা খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, বিএফএসএ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মো. আবু সাইদ আলামিন, বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেনসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।



মন্তব্য