![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোবাইল শোরুমের টিনের চাল কেটে সংঘটিত চুরির ঘটনায় চুরিকৃত তিনটি মোবাইল ফোনসহ এক আন্তঃজেলা চোরচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির নাম মো. অনিক হোসেন (২৩)। তিনি রাজবাড়ী জেলার সজ্জনকান্দা এলাকার লিটন খানের পুত্র।
র্যাব জানায়, গত শনিবার (১৮ অক্টোবর ) রাত আনুমানিক ৩ টার সময় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোঃ আব্দুর রব শেখ (৪২) মালিকানাধীন “মেসার্স আরাফ ট্রেডার্স” নামক একটি মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন ও ৪টি এয়ারপড, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা, চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকায় অধিযাচনপত্র পাঠান।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গত রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত অনিক হোসেনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক হোসেন আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে, এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।



মন্তব্য