শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
 

ধানক্ষেত থেকে দেশীয় তৈরি ওয়ান-শুটার গান উদ্ধার, ডাকাত দলের সম্পৃক্ততা সন্দেহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫

  ---

শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান-শুটার গান উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সম্প্রতি সংঘটিত ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি আতঙ্কে ফেলে রেখে গেছে ডাকাত দলের সদস্যরা।

 স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ টার মধ্যে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার সংলগ্ন কবরস্থান এলাকায় স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় ধানক্ষেতের ভেতর অস্ত্রটি দেখতে পান। পরে তারা পাংশা মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় তৈরি ওয়ান-শুটার গানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 এর আগের দিন (৯ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে একই ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার সংলগ্ন সাজুরিয়া এলাকায় একদল ডাকাত বাড়িতে ডাকাতি চালায়। এসময় স্থানীয় জনতা ডাকাত দলকে ঘিরে ফেলে এবং ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ধানুরিয়া গ্ৰামের মোঃ খোকন হোসেনের ছেলে মোঃ আলহাজ হোসেন (৩০) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা বয়সা গ্ৰামের আলী হোসেনের ছেলে মোঃ রাব্বি (২৮)।

 স্থানীয়রা জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একাধিক অস্ত্র ও সরঞ্জাম ফেলে যায়। ধারণা করা হচ্ছে, ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া ওয়ান-শুটার গানটি সেই ডাকাত দলেরই ফেলে যাওয়া অস্ত্র।

 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি থানায় জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ডাকাত দলের ব্যবহৃত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

 

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon