![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ ইফতি হক সৌরভ (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুইটি মামলার এজাহার নামীয় আসামী।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন- রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান। র আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোঃ ইফতি হক সৌরভ রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার এনামুল হকের ছেলে। সে রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন। সে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দুইটি মামলার এজাহার নামীয় ২১ ও ১৪ নম্বর আসামী।
জানা গেছে- গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিত আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর নির্দেশে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্য বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময়
আন্দোলনকারীদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় গত -৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার ২১ নম্বর আসামি ইফতি হক সৌরভ।
এছাড়াও, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হয়ে সেখানে মিছিল করতে থাকেন। ওই সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলভার, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার পাইপ, এসএস পাইপ, রড নিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করে শিক্ষার্থীদের জখম করে।
এ ঘটনায় গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলাতেও ইফতি হক সৌরভ এজাহার নামীয় ১৪ নম্বর আসামি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি ইফতি হক সৌরভকে গত ১৩ ডিসেম্বর রাতে বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে বৈষম্য বিরোধী আন্দোলনের দুইটি মামলার এজাহার নামীয় আসামি। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য