![]()
শংকর চন্দ, তাহিরপুর প্রতিনিধি ঃ
তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ফয়েজ মিয়ার মরদেহ মাটিয়ান হাওরপাড়ের আনন্দ নগর গ্রামের উত্তর পাশ থেকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। তাহিরপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানান,বুধবার সকাল সাড়ে ৬টায় নৌকাডুবি ঘটনাস্থলের ৩ কিলোমিটার দক্ষিণে আনন্দ নগর গ্রামের পাশে পানিতে ভাসমান অবস্থায় ফয়েজ মিয়ার লাশ উদ্ধার করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ফয়েজ মিয়ার মরদেহের ছরতহাল রিপোর্ট নেয়ার শেষে দ্রুত সময়ের মধ্যেই নিহতের পরিবারের নিকট হস্থান্তর করা হবে।
জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান হাওরের বোয়ালমার স্লুইচগেইট এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হয় শাহ আলম (৩৫) ফয়েজ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়,ফয়েজ মিয়া ও শাহ আলম পারিবারিক কাজে ইঞ্জিন চালিত একটি ছোট নৌকা নিয়ে তাহিরপুর সদর বাজারে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওরের বোয়াল মারা স্লুইচগেইট এলাকায় গেলে ঝড়ের কবলে হাওরে প্রবল ঢেউ উঠলে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়।
অপরদিকে মঙ্গলবার পৌণে ১১টায় শাহ আলমের মরদেহ স্লুইসগেট এলাকায় পানির উপর ভেসে উঠে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে দাফন করা হয়।
এদিকে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন নিহত শাহ আলম ও নিখোঁজ ফয়েজ মিয়ার পরিবারে গিয়ে শোক ও সমবেদনা জানান এবং দুই পরিবারের হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা নগদ সহায়তা দেন।



মন্তব্য